এসআইটি চ্যালেঞ্জার্স কাপে সেরার সেরা টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল শিলিগুড়ি
ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি
স্কুল পর্যায়ের ভলিবলে উত্তেজনার পারদ চড়িয়ে বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজির উদ্যোগে অনুষ্ঠিত হল একদিবসীয় ইন্টার-স্কুল অনূর্ধ্ব-১৯ নকআউট ভলিবল টুর্নামেন্ট — ‘এসআইটি চ্যালেঞ্জার্স কাপ ২০২৬’। এসআইটি ক্যাম্পাসে আয়োজিত এই প্রতিযোগিতায় শুরু থেকে শেষ পর্যন্ত ছিল হাড্ডাহাড্ডি লড়াই ও জমজমাট ম্যাচ। উদ্বোধনী ম্যাচে ফাঁসিদেওয়া হাই স্কুলের বিরুদ্ধে তিন সেটের লড়াইয়ে ২–১ সেটে জয় পেয়ে টুর্নামেন্ট শুরু করে বুড়াগঞ্জ হাইস্কুল। দ্বিতীয় ম্যাচে দাপটের সঙ্গে খেলে অমরজ্যোতি ইন্টারন্যাশনাল স্কুলকে ২–০ সেটে হারায় আমবাড়ি হাইস্কুল। তৃতীয় ম্যাচে ডক্টর আম্বেদকর একাডেমিকে ২–০ সেটে পরাজিত করে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে শিলিগুড়ি টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল। দিনের শেষ কোয়ার্টার ফাইনালে রয়্যাল একাডেমি শালবাড়ি হাইস্কুলকে ২–০ সেটে হারিয়ে শেষ চারের লড়াইয়ে পৌঁছে যায়।
প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল ও আমবাড়ি হাইস্কুল। নিয়ন্ত্রিত আক্রমণ ও শক্ত রক্ষণে ম্যাচ নিজেদের দখলে রেখে ফাইনালে ওঠে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল। অন্য সেমিফাইনালে রয়্যাল একাডেমিকে হারিয়ে ফাইনালের টিকিট পায় বুড়াগঞ্জ হাইস্কুল। ফাইনালে দুই দলের মধ্যে দেখা যায় তুমুল লড়াই। নির্ধারক সেটে আক্রমণাত্মক খেলায় এগিয়ে থেকে ১৫–১০ পয়েন্টে বুড়াগঞ্জ হাইস্কুলকে হারিয়ে শিরোপা জিতে নেয় শিলিগুড়ি টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল। ম্যাচজুড়ে দুই দলের খেলোয়াড়দের গতি, ব্লক ও স্ম্যাশ দর্শকদের করতালিতে ভরিয়ে তোলে গ্যালারি।
ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী ও রানার্স দলকে ট্রফি ও মেডেল তুলে দেন আয়োজক সংস্থার প্রতিনিধিরা। খেলোয়াড়দের পারফরম্যান্সে খুশি প্রকাশ করেন উপস্থিত শিক্ষক, অভিভাবক ও ক্রীড়া সংগঠকেরা। শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজির আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ছাত্রছাত্রীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি, শারীরিক সক্ষমতা গড়ে তোলা, শৃঙ্খলা ও দলগত চেতনার বিকাশ ঘটানোই এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য। শিক্ষা ও ক্রীড়ার সমন্বয়ে ভবিষ্যতেও নিয়মিতভাবে এই ধরনের আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে বলেও জানানো হয়েছে।
Leave a Comment